লিবিয়া উপকূলে নৌকাডুবি

২৩ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, লিবিয়া): লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে ১৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানা গেছে। তাদের সবার মৃত্যুর আশঙ্কার করা হচ্ছে।

শুক্রবার ফ্রান্সের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা এসওএস এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানা যায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সেবিষয়ে কিছু জানা যায়নি।

খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূল ব্যবহার করে থাকে মানবপাচারকারীরা। ডুবে যাওয়া অভিবাসীদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বিভিন্ন সংস্থা। তবে তাদের বেচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে।

নৌকাডুবি/এসকেএম