শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত

২৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সাথে জড়িতদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের তরুণ সমাজকে জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়েই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। সেজন্যই আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সব ক্ষেত্রে তরুণদের বিষয় মাথায় নিয়ে কাজ করছি। এরাই আগামী দিনের বাংলাদেশকে তৈরি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুরের সভাপতি ডাক্তার আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *