শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে

নিউজ ডেস্ক: বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এমনটাই বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার রাজধানীর মহাখালীতে নিপসম অডিটরিয়াম হলরুমে আয়োজিত দেশের ৬-৫৯ মাস বয়সী মোট ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই। সোনার বাংলা করতে সোনার শিশু তৈরি করতে হবে। সেই সোনার শিশু তৈরি করতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে।

শিশুদের খাদ্য-পুষ্টি ও ভিটামিনের অভাব হলে অনেক সমস্যা দেখা দেয় উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমরা চাই শিশুরা ভালোভাবে বেড়ে উঠুক, দেশের সুনাগরিক হোক। সোনার বাংলাদেশ গড়তে আমাদের সোনার মানুষ দরকার, সোনার শিশু দরকার।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ৬-৫৯ মাস বয়সী কয়েকজন শিশুকে লাল ও নীল রঙের ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জাহিদ মালেক বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশে ৪ থেকে ৫ ভাগ শিশু রাতকানা হয়ে জন্ম নিত। সেই হার এখন শূণ্য দশমিক ১ ভাগে নেমে এসেছে। ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের জন্য কেবল রাতকানা প্রতিরোধের জন্যই ব্যবহার হয় না, এই ক্যাপসুল শিশুদের মৃত্যুহার কমায় প্রায় ২৪ ভাগ। হাম, ফাইলেরিয়ার মত অসুখ হতে পারেনা। শিশুরা সুস্থভাবে বেড়ে ওঠে।

এ সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটো মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *