শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্রনীতিতে আমরা সফল

২৯ ডিসেম্বর ২০২১(নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি তাতে আমরা সফল হয়েছি।

বুধবার বিকালে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তাকে প্রদত্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের প্রায় ২৩৬টি দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্ব, ১৯৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।

ডক্টর মোমেন বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারাদেশে বিশেষ করে সিলেটের জন্য উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন। সিলেটবাসী এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় তিনি সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানান।

সিলেটের সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ হতে তাকে অভ্যর্থনা জানান।

সিলেটবাসীর জীবনমান উন্নয়নে ডক্টর মোমেনের উদ্যোগ ও ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, সিলেট মহানগরকে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও মডেল শহরে রূপান্তর করতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সিলেট শহরের সড়কের পাশে ওয়াকওয়ে নির্মাণ, হাসপাতালের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ ঢাকা-সিলেট মহাসড়ক ৬-লেনে উন্নীত করতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন যে ভূমিকা পালন করেছেন, তার জন্য বক্তারা সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *