শ্যুটিং সেটে আহত অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক: অ্যাকশন দৃশ্যে সব সময় নিজেই অভিনয় করতে পছন্দ করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বডি ডাবলের সাহায্য নেন না। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার অ্যাকশন দৃশ্যেও ঝুঁকিপূর্ণ স্টান্টগুলো নিজেই করছিলেন। আর এতেই বাধে বিপত্তি। স্টান্ট করতে গিয়ে আহত হন এই অভিনেতা। হাঁটুতে চোট পান তিনি।

এ সিনেমার শ্যুটিংয়ের জন্য ইউনিটের সবাই এখন স্কটল্যান্ডে। সেখানে টাইগার শ্রফের সাথে অক্ষয়ের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। এ সময় স্টান্টম্যান ছাড়া নিজেই শট নিতে গিয়ে এ দুর্ঘটনায় পড়েন অক্ষয়। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর এখন সুস্থই আছেন এই অভিনেতা। এ সময় শ্যুটিং বন্ধ ছিল। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

তবে সুস্থ হয়ে আবারও শ্যুটিংয়ে ফিরেছেন অক্ষয়। আপাতত অ্যাকশন দৃশ্যের শ্যুটিং বন্ধ রয়েছে। হাঁটুতে ব্রেস পরে অন্য দৃশ্যের শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আগে থেকে নির্ধারিত সময়ের মধ্যেই যাতে স্কটল্যান্ডের শ্যুটিং শেষ হয়, তাই তিনি অন্য দৃশ্যের শ্যুটিং সেরে নিচ্ছেন।

চলতি বছরই মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। অক্ষয়ের সাথে সিনেমায় দেখা যাবে টাইগার শ্রফকে। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন- মানুষি ছিল্লার, জাহ্নবী কাপুর, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণসহ আরও অনেকে।

অক্ষয় কুমার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ