ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে নেতাকর্মীদের তৈরি থাকতে হবে

৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): সব ধরনের ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে দলীয় নেতাকর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ আহ্বান জানান। ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ্য থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

তিনি বলেন, আমার নেত্রীকে হত্যার হুমকি দেয়া হচ্ছে, আর আমরা কি ঘরে বসে আঙুল চুষবো? আসুন, ষড়যন্ত্রের গন্ধ মাটিচাপা দিয়ে ঘাতকের ষড়যন্ত্র নস্যাৎ করে আবারও জেগে উঠি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যার হাতকে আরও শক্তিশালী, আরও মজবুত করি। কাপন ধরাই দেশ বিরোধী ষড়যন্ত্রের বেদিমূলে।

সেতুমন্ত্রী বলেন, আমরা ৬ দফার শক্তিতে বলিয়ান, আমরা স্বাধীনতার চেতনায় মহিয়ান। আমরা আমাদের আস্থার বাতিঘর শেখ হাসিনার নেতৃত্বে আস্থাবান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা তৈরি হয়ে যান। রাজ পথ আমরা ছাড়িনি। ৪ তারিখে নেত্রীকে কটূক্তির প্রতিবাদে আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম সারাদেশে। আমি অবাক হয়ে শুনেছি ইউনিয়ন পর্যন্ত এই বিক্ষোভ সারা দেশে হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করলেন, এটাই আপনার অপরাধ। সে জন্য আপনাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে গালাগাল করছে অশ্রাব্য ভাষায়। আমি মির্জা ফখরুলকে বলেছিলাম এই গুলো সামলান। পরিণতি হবে ভয়াবহ, আগুন নিয়ে খেলবেন না। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, আর ফখরুল আমাকে বলবেন সংযত ভাষায় কথা বলতে? আমি অসংযত নই। আমি বলেছি, আমার নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি কী ঘরে বসে আঙুল চুষবো?

গণভবন প্রান্ত থেকে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ আলোচনা সভা সঞ্চালন করেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *