সপরিবারে করোনায় আক্রান্ত দীপিকা

০৪ মে ২০২১ (বিনোদন ডেস্ক): বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরিবারে করোনার হানা। অভিনেত্রীর বাবা প্রকাশ পাড়ুকোন করোনায় আক্রান্ত হয়েছেন। ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন দীপিকার মা উজালা ও বোন অনিশাও। আপাতত তারা বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এদিকে পরিবারের সাথে দীপিকাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারেতের বিনোদনভিত্তিক গণমাধ্যম ফিল্ম ফেয়ার ও পিঙকভিলা। গত সপ্তাহে অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট থেকেও তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দীপিকা তার পোস্টে লিখেছেন, ‘আমাদের মতো লাখো মানুষ (আমি ও আমার পরিবারসহ) ভালো থাকতে হিমশিম খাচ্ছি। করোনার এই সংকটকালে আমাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যার কথা ভুলে গেছে চলবে না। এটাও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবেন আপনি একা নন,আমরাও আপনার সহযাত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আশাবাদী।’

দীপিকার ঘনিষ্ট কোনও সূত্র করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেনি। তবে ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দীপিকাও তার মা-বোনের সাথে ব্যাঙ্গালুরুর বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড়। ৮০ এর দশকে ভারতের হয়ে খেলতেন তিনি। ১৯৮৩ ব্রোঞ্জ এবং প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়নশিপ পদক জিতেছিলেন তিনি।

দীপিকা পাড়ুকোন/এসকেএম