সপ্তম ব্যালন ডি’অর জিতলেন মেসি

৩০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

সোমবার দিবাগত রাতে প্যারিসের আলো ঝলমলে থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডি’অর গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি ও চেলসির ইতালিয়ান তারকা জর্জিনিওকে। এবার এই লড়াইয়ে অনেক পিছিয়ে ছিলেন সময়ের আরেক অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ভোটাভুটিতে লেওয়ানডস্কিকে হারিয়ে নিজের সর্বোচ্চসংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ডকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন ৩৪ বছর বয়সি আর্জেন্টাইন তারকা।

২০২১ সালটা মেসির জন্য ঘটনাবহুল, স্মৃতিময়। উচ্ছ্বাস আর চাপা কষ্টের কান্না দুটোই রয়েছে এই বছরে। ধুঁকতে থাকা বার্সেলোনাকেও জিতিয়েছিলেন কোপা দেলরে শিরোপা, লা লিগায় করেছিলেন তৃতীয়ও।

এরপর দেশকে ২৮ বছরের শিরোপার খরা ঘোচান। এনে দেন কাঙিক্ষত কোপা আমেরিকা শিরোপা। ওই টুর্নামেন্টে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করে হয়েছিলেন টুর্নামেন্টসেরাও।

এরপর আসে তার কান্নার দিন। ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনা ছেড়ে কাঁদতে কাঁদতে পাড়ি জমান প্যারিসে। গায়ে চড়ান পিএসজির জার্সি।

প্রসঙ্গত, ১৯৫৬ সালে প্রথমবার চালু হয় ব্যালন ডি’অর। তখন কেবল ইউরোপের সেরা খেলোয়াড়কে দেয়া হতো এই পুরস্কার। ১৯৯৫ সাল থেকে ইউরোপে খেলা বিশ্বের যেকোনও খেলোয়াড়ের জন্য পুরস্কারটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৭ সাল থেকে সেটি দেয়া হচ্ছে বিশ্বের যেকোনও জায়গায় খেলা ফুটবলারদের।

লিওনেল মেসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ