২৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এদের মধ্যে ২০ জন মহিলা, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। আজ ৬ টা ৫০ মিনিটের দিকে কোস্ট গার্ড স্টেশান বাহারছড়া কর্তৃক বড় ডেইলপাড়া ঘাট এলাকায় সমুদ্রে ভাসমান এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
আমিরুল হক জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩ এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গত ২৫ এপ্রিল রাতে সমুদ্রে তারা ডাকাতের কবলে পরে। এসময় ডাকাতদল তাদের মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়। এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। উক্ত খবরের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
তিনি বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গারা জানান দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারে নি। উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিষয়ে রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের (আরআরআরসি) এর সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ার, ভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাত দমনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের উদ্ধার অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড এর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং ভবিষ্যতেও থাকবে।
কোস্ট গার্ড/এসকেএম















