৪ মে ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সংস্থাদের নিজেদের টাকায় চলার নির্দেশ দিয়েছেন। বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে নিজেদের আয়ে। দৃষ্টান্ন দিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
মঙ্গলবার একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সভায় যুক্ত হন।
সভা অনুষ্ঠিত হয় শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
মন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী জানতে চান… সরকারি সংস্থাগুলো নিজেরা আয় করে। সে টাকায় তারা কেন চলতে পারে না। টাকার জন্য সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় কেন?
প্রধানমন্ত্রী সরকারি সংস্থাগুলোকে স্বাবলম্বী হওয়ার নির্দেশ দেন। সাফ বলে দেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংস্থাগুলোকে সরকারি কোষাগার থেকে টাকা দেয়া হবে না।
সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল, সরকারি সংস্থা কিভাবে চলবে। জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আপনি ব্যবসা করবেন, সেখানেতো আমি গিয়ে বুদ্ধি দিতে পারি না। আপনিই বুদ্ধি খাটিয়ে কাজ করুন। সকাল-সন্ধ্যা যদি মন্ত্রী ও সচিবরা বুদ্ধি দিতে যান সেটাতো ভালো দেখায় না।
আজকের একনেক সভায় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা। বিদেশি উৎস থেকে ঋণ ২ হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা। বাকি ৮০৯ কোটি ৯৮ লাখ টাকার যোগান দিবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
একনেক/টিটি/রমু
















Leave a Reply