নিউজ ডেস্ক: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ঋণ করে ঘি খাচ্ছে।
বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় রাজধানীর বনানীতে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বাজেট হচ্ছে জনগণের চিন্তার প্রতিফলন। রাজনৈতিক চিন্তার প্রতিফলন। আজকে যেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে, তাতে তো রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটবে না। তাদের চিন্তার প্রতিফলন ঘটবে। তাতে মানুষের চিন্তার প্রতিফলন ঘটবে না।
তিনি বলেন, বাজেটে বড় বড় অংক দিচ্ছে আর বাংলাদেশের মানুষকে বড় বড় অবকাঠামোর কথা বলছে। বড় বড় অবকাঠামোর মধ্যে বড় বড় চুরি-ডাকাতি ছাড়া তো আমরা কিছু দেখছি না।
তিনি বলেন, বড় বড় অবকাঠামোর মধ্যে যে বিদেশে টাকা পাচার হয়েছে, সে জন্য আজকে ডলার সংকট, ব্যাংকে টাকা নেই, শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। সামষ্টিক অর্থনীতিতে যে স্থিতিশীলতা আমরা গত ৩০-৪০ বছরে সৃষ্টি করেছি সেটি তারা ধ্বংস করে দিয়েছে।
আওয়ামী লীগ সামষ্টিক অর্থনীতি ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু। বলেন, একটি দলীয় চিন্তার ভিত্তিতে পৃষ্ঠপোষকতার-লুটপাটের অর্থনৈতিক মডেল সৃষ্টি করে বাংলাদেশের গত ৩০ বছরের যে কষ্টের মাধ্যমে সামষ্টিক অর্থনীতি যেখানে এসে দাঁড়িয়েছিল তারা সেটা ভেঙে চুরমার করে দিয়েছে। যে জন্য তারা আজকে আইএমএফ-ওয়ার্ল্ডের দারে যাচ্ছে। সবার দারে যাচ্ছে, কোনও ব্যাংক বাকি নেই। বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপাতে হচ্ছে এখানে। টাকা ছাপিয়েও কুলাতে পারছে না। এখান থেকে বের হতে হলে এই অবৈধ দখলদার সরকার বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দেশের বাইরে ও ভেতর থেকে তারা যে ঋণ নিচ্ছে, এটা শোধ করতে হবে বাংলাদেশের মানুষকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ঋণ নিয়ে ঘি খাচ্ছে।
অর্থমন্ত্রী আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। জাতীয় সংসদে ‘দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক বাজেট বক্তৃতা দেন তিনি।
এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।
বাজেট প্রতিক্রিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply