৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা ভাইরাস মোকাবেলায় সর্বদলীয় কমিটি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রস্তাব দিয়েছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বদলীয় কমিটি করার।
শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন। করোনা পরিস্থিতির কারণে তিনি রাজধানীর উত্তরার নিজ বাসায় এ ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনও সময় আছে সর্বদলীয় কমিটি করে করোনাকে মোকাবেলা করা যাবে। জনগণের সম্পৃক্তা ছাড়া বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব না। রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি… সব স্তরের মানুষকে নিয়ে এর সাথে সম্পৃক্ত করতে হবে। সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সংকট মোকাবেলায় উদ্যোগ নেই- মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।
বিএনপি মহাসচিব বলেন, সব মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করতে হবে। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি, বাংলাদেশকে যদি হার্ড ইমিউনিটের মধ্যে আনতে হয় তাহলে কমপক্ষে সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রশ্ন হচ্ছে, সাড়ে ১২ কোটি টিকার কোন সংস্থান এখন পর্যন্ত হয়নি।
টিকা সংগ্রহ ইস্যুতে তিনি সরকারের সমালোচনা করে বলেন, আজ দেখলাম চীন ও রাশিয়া থেকে তারা টিকা আনার কথা ভাবছে। অথচ আমাদের এই মুহূর্তে টিকা দরকার। এক বছর আগে থেকে তারা এটা করলেন না। এক বছর ব্যস্ত থাকলেন তাদের বিভিন্ন বর্ষ উদযাপনে মেগা প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে।
মির্জা ফখরুল বলেন, আমরা প্রস্তাব রাখতে চাই… মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করতে সাড়ে ১২ কোটি টিকা সংগ্রহ করতে হবে। সরকারের উচিত এখনই এই টিকা সংগ্রহে ব্যবস্থা নেয়া। টিকা কিভাবে আসবে, কিভাবে বিতরণ হবে, কিভাবে জনগণের কাছে যাবে সে রোডম্যাপ তৈরি করতে হবে।
করোনা মোকাবেলা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, বিভিন্ন হাসপাতালে বেড ও আইসিইউ সংকট, করোনা টেস্টের অপ্রতুলতাসহ যে দুরাবস্থা চলছে তার জন্য দায়ী সরকারের ব্যর্থতা, উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা।
বিএনপি মহাসচিব বলেন, এখন সবচেয়ে বড় প্রয়োজন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। সরকারকে আহ্বান করবো, প্রতিটি ইনফরমাল সেক্টরে যারা উদ্যোক্তা আছেন তাদের যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে। ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক আছেন, বিভিন্ন দোকান, শিল্প-কারখানায়… তাদেরও ভাতা দিতে হবে। বিশেষ করে যারা একেবারে দিন আনে দিন খায় মানুষ, তাদের ব্যাপক হারে ত্রাণ সামগ্রী দিতে হবে… তাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য।
মির্জা ফখরুল/টিটি/আরএম
















Leave a Reply