সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিতে হবে তরুণদের

১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে।

শনিবার বিকালে রাজধানীর বনানী বিটিসিএল মাঠে বিডি ক্লিন আয়োজিত ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আতিকুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, প্রতিটি তরুণই সম্ভবনাময়, প্রতিটি তরুণই চেইঞ্জ মেকার। তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সব অন্যায় ও অবিচার উঠে যাবে। তাই দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মেয়র বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই দেশপ্রেমিক তরুণরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় মাতৃভূমিকে করেছিল শত্রুমুক্ত, যার ফলে অর্জিত হয় লাল-সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

তিনি বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি পরিত্যক্ত সিগারেট ফিল্টার এবং ৩০ লক্ষ প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

ডিএনসিসি মেয়র বলেন, প্রয়োজনের তাগিদে ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়ার কারণে তা পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়। তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ-উল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মোহাম্‌মদ নাসির এবং বিডি ক্লিন-এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

মেয়র আতিক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *