সাম্প্রদায়িক অপশক্তি দেশে দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালাচ্ছে

১৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দেশের সব অর্জন ম্লান করে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রকারীকে কঠোরভাবে প্রতিহত করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেক্টরে ‘৫০ বছরের অর্জন ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

তাজুল ইসলাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, নিরাপত্তা, অবকাঠামো ও যোগাযোগসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। মুসলিম-হিন্দু, বৌদ্ধ-খিস্টান সবাই মিলেমিশে কাজ করছে বলেই দেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল। কিন্তু দেশের শক্ররা এই ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে।

দেশের ৯৮ ভাগ এবং বস্তি এলাকার ৭০ ভাগ মানুষ সুপেয় পানির আওতায় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এসডিজি-২০৩০ এবং ২০৪১ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে এ সরকার পরিকল্পনা মাফিক কাজ করছে বলেও তিনি জানান।

তিনি জানান, রাজধানী ঢাকা শহরকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য নগরী গড়তে খালগুলো ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর-পরই দুই মেয়র চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। অসংখ্য খাল ইতোমধ্যে দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে। দুই সিটি মেয়রের মাধ্যমে ঢাকার পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *