নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা হবে শনিবার। এদিন সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা হবে।
সিরাজুল আলম খানের ছোট ভাইয়ের মেয়ে ব্যারিস্টার ফারাহ খান শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সিরাজুল আলম খানের প্রথম জানাজা হবে। সেখান থেকে মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর সিরাজুল আলম খানের মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান।
৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরেই উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক জটিলতা দেখা দেয়ায় গত ১ জুন দুপুরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছিল। এরপর অবস্থার আরও অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
আরও পড়ুন: সিরাজুল আলম খান মারা গেছেন
১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে সিরাজুল আলম খানের জন্ম। তার বাবা খোরশেদ আলম খান ছিলেন স্কুল পরিদর্শক। মা সৈয়দা জাকিয়া খাতুন, গৃহিণী। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply