নিউজ ডেস্ক: সুন্দরবনকে রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। বলেন, এজন্য সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা প্রকল্প এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় টহলকারী জলযান সংগ্রহ করে বন সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বরেন্দ্র ও হাওর এলাকার প্রতিবেশ উন্নয়নে বাস্তবায়ণাধীন প্রকল্পের কাজ যথাসময়ে সমাপ্ত করা সম্ভব হলে সংশ্লিষ্ট এলাকার প্রতিবেশের মান উন্নত হবে।
তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে বাস্তবায়নাধীন সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি গাড়ী চালক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বায়ুদূষণ, পানিদূষণ ও শব্দদূষণ রোধে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করলে সফলতা লাভ করা সম্ভব। এজন্য দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব জাকিয়া আফরোজ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমীর হোসাইন চৌধুরী, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ডক্টর রফিকুল হায়দার সহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা বক্তব্য রাখেন।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply