নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে লিভার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘আপনার লিভারকে জানুন’।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট বাংলাদেশ এবং ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইনায়তুর রহিম এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম এমপি। অনুষ্ঠানে ফ্যাটি লিভার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান এবং ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভারের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।
অধ্যাপক ডাক্তার স্বপ্নীল তার বক্তব্যে ফ্যাটি লিভারের কারন, প্রতিরোধ এবং চিকিৎসা সম্বন্ধে ধারনা দেন। তিনি ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন, শর্করা জাতীয় খাবার কমিয়ে আনা, নিয়মিত হাটাহাটি ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিচারপতিদের মাধ্যমে দেশের মানুষ ফ্যাটি লিভার সম্বন্ধে সচেতন হবেন বলে আশা প্রকাশ করেন।
প্রধান বিচারপতি তার বক্তব্যে এ ধরনের একটি অনুষ্ঠানের জন্য ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভারকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান বিচারপতি তার বক্তব্যে বিচারপতিগণের শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব আরোপ করেন, কারন পেশাগত ব্যস্ততার কারনে অনেক সময়ই বিচারপতিরা তাদের নিজেদের শরীরের প্রতি যথাযথ নজর দিতে পারেন না।
বিচারপতি ইনায়তুর রহিম বিচারপতিদের স্বাস্থ্য সুরক্ষায় সুপ্রিম কোর্ট জাজেস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের আশ্বাস দেন। অন্যদিকে এবাদুল করিম এমপি ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ ধরনের যে কোন মহতি উদ্যোগে তার প্রতিষ্ঠান সাথে থাকবে বলে জানান।
লিভার বিষয়ক সচেতনতামূলক এই আয়োজনে বিচারপতিগণ, তাদের পরিবারের সদস্য এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য লিভারের ফাইব্রোস্ক্যান পরীক্ষার ব্যবস্থা করে ল্যাবসাইনস ডায়াগনষ্টিক। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও আজগর আলী হাসপাতালে কর্মরত প্রায় ত্রিশজন লিভার বিশেষজ্ঞ অংশ নেন।
সুপ্রিম কোর্ট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















