সুরক্ষাসামগ্রীর উৎপাদন অব্যাহত

২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা পরিস্থিতিতেও ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) টঙ্গী শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলো।

বিসিক জানিয়েছে, চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই সুরক্ষাসামগ্রীর উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।

এ ছাড়া টঙ্গী বিসিক শিল্পনগরীতে ওষুধ শিল্প প্রতিষ্ঠান গুলোতে ওষুধ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিসিক শিল্প নগরীগুলোতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরী হচ্ছে।

শিল্পনগরীর উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকরা মাস্ক ব্যবহার করে ও প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে কাজ করছে। এছাড়া অফিসে বা কারখানায় প্রবেশের আগে সবাই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতকে জীবাণুমুক্ত করছেন।

করোনা প্রতিরোধমূলক সব স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কারখানা চালু রয়েছে যা এ শিল্পনগরীর কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

বিসিক/এসকেএম