সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৫ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল পাঁচ শ্রমিকের। এছাড়াও আরও একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যের পারভানি জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাউচা তান্ডা এলাকায় একটি খামারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন ছয় শ্রমিক। ট্যাংকের ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন তারা। তার পরই তারা অচেতন হয়ে পড়েন।

বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর ট্যাংকের ভেতর থেকে কোনোরকম সাড়াশব্দ না পেয়ে খামারের মালিকের সন্দেহ হয়।

তিনি ট্যাংকের ভেতরে উঁকি মারতেই দেখেন ছয় শ্রমিকই অচেতন হয়ে পড়ে রয়েছেন। সাথে সাথে তিনি লোকজন ডেকে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন।

উদ্ধার করার পর ছয়জনকেই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের মধ্যে পাঁচ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও এক শ্রমিকের অবস্থা সংকটজনক। খামারের মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে শ্রমিকদের।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ