সোমবার থেকে লকডাউন

০৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের শনিবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করছে। শিল্প কলকারখানা সর্তসাপেক্ষ চালু থাকতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।

এদিকে এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দ্রত বেড়ে যাওয়া করোনা সংক্রমন রোধে সরকার ২ থেকে ৩ দিনের মধ্যেই সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে ক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরী সেবা দেয় সেই ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্য বিধি মেনে এবং বিভিন্ন শিপটিং ডিউটির মাধমে তারা কলকারখানায় কাজ করতে পারে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরা জরুরি কর্তব্য বলে মনে করে সেগুলো পালন করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু এখনও অনেকেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির প্রতি অনিহা দেখাচ্ছে। যা প্রক্ষান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। নিজেদের সুরক্ষায় সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ।

রমজানে অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুদদারিতা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান এলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। যা শাস্তি যোগ্য অপরাধ। ইতোমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে।

তিনি বলেন, বাজার অস্থির করার যে কোন অপপ্রয়াস সরকার মেনে নিবে না। কোন ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দিবে না।

করোনা ভাইরাস/এসকেএম