স্থগিত হচ্ছে পরীমনির শিল্পী সমিতির সদস্য পদ

০৬ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির শিল্পী সমিতির সদস্য পদ স্থগিত হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। পরীমনি যেহেতু অভিযুক্ত, তাই সমিতির রেজুলেশন অনুযায়ী ব্যবস্থা নেব। এমনও হতে পারে, সমিতিতে তার সদস্য পদ সাময়িক স্থগিত হতে পারে। সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনও কাজে লিপ্ত হন সাথে সাথে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে।

জায়েদ খান বলেন, আদালতে যদি প্রমাণ হয় তিনি নির্দোষ, তাহলে সদস্যপদ ফিরে পাবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, আজীবনের জন্য সদস্যপদ হারাবেন।

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরীমনি/এসকেএম