১২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): স্বাস্থ্যখাতের দুর্নীতির অভিযোগ তোলা অনেকের কাছেই একটি ফ্যাশন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দাবি করেন, বেসরকারি হাসপাতালের টেস্টিং জালিয়াতি, একজন ড্রাইভার বা নিম্নপদস্থ দুর্নীতি বা বিচ্ছিন্ন কোন কর্মকর্তার মাধ্যমে অস্বচ্ছতার খবর ছাড়া কেউ স্বাস্থ্য খাতের বড় কোন দুর্নীতি দেখাতে পারেনি। যারাই স্বাস্থ্য খাতে অনিয়ম করেছে তাদেরই আইনের আওতায় এনে বিচার করা হয়েছে।
করোনায় মারা যাওয়া হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারি অধ্যাপক মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। শনিবার এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ভার্চ্যুয়ালি যোগ দেন।
তিনি টিআইবি’র সমালোচনা করে বলেন, শীতাতপনিয়ন্ত্রিত রুমে বসে তারা স্বাস্থ্য খাত নিয়ে মনগড়া সমালোচনা করছে। করোনার দুঃসময়ে টিআইবি মাঠে নেমে কোন কাজ করেনি। মাঠে কাজ করেছে স্বাস্থ্য খাতের চিকিৎসক, নার্সসহ অন্যান্য ফ্রন্টলাইন যোদ্ধারা।
তিনি স্বাস্থ্য খাত নিয়ে টিআইবি প্রকাশিত রিপোর্টকে মিথ্যা ও ভুল তথ্যসম্বলিত বলে দাবি করেন। বলেন, করোনাকালীন সংকটে দেশের স্বাস্থ্য খাত যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন টিআইবি স্বাস্থ্য খাত নিয়ে অসত্য রিপোর্ট তুলে ধরেছে। টিআইবি’র রিপোর্ট আগাগোড়াই ভুল তথ্যসম্বলিত।
টিকা কেনার বিষয়ে চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এ বিষয়ে চীনের পক্ষ থেকে দ্রুতই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে প্রত্যাশা করছি। তিনি বলেন, অন্যান্য দেশের সাথেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী/আরএম/কিউটি
















Leave a Reply