স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩ মে ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ঈদ উদযাপন কোনভাবেই যেন নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ না হয়।

ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বাস দেন, সবাইকে এই রোগের টিকার আওতায় আনা হবে। কারণ, সরকার ইতোমধ্যে ভ্যাকসিন সংগ্রহে একাধিক উৎসের সাথে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা করেছে।

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি এফএম রেডিও সরাসরি সম্প্রচার করে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ঈদ উদযাপন করবো, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না উঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রী করোনাভাইরাস সম্পর্কে বলেন, মানুষের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। কাজেই, জনসমাগম এড়াতে না পারলে এ রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, এ কারণে কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকান-পাট, শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে। একই কারণে, গণপরিবহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে।

শেখ হাসিনা জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। অনেকের কোন বাহ্যিক লক্ষণ না থাকায় আপনি বুঝতে পারবেন না আপনার পাশের ব্যক্তিটিই করোনা ভাইরাস বহন করছে। এতে আপনি যেমন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়াপ্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন।
‘মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো।

প্রধানমন্ত্রী বলেন, এই ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বছরের মত এ বছরও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে।

তিনি বলেন, আসুন, আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকেই ঈদের আনন্দ উপভোগ করি। বিত্তবান যারা আছেন বা যাদের সামর্থ্য আছে, তাদের প্রতি অনুরোধ, এই দুঃসময়ে আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।

প্রধানমন্ত্রী বলেন, ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ কয়েকটি পেশার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আবার আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনীর সদস্যরা এবং কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা লকডাউন বা চলাচলের বিধিনিষেধ বলবৎ করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সংবাদকর্মীরা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে সংবাদ পরিবেশনের কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত এক বছরে নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তিনি শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যেমন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে, তেমনি আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগও নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, ইতোমধ্যে সরকার চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও করোনা ভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করা হয়েছে।

তিনি বলেন, গত মাসে মহাখালী ডিএনসিসি মার্কেটে ২ হাজার শয্যার কোভিড-১৯ হাসপাতাল স্থাপন করা হয়েছে। গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ১৬৬ জন ডাক্তার, ৫ হাজার ৫৪ জন নার্স এবং প্রায় সাড়ে ৪ হাজার অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলোসহ দেশের ১৩০টি সরকারি হাসপাতালে কেন্দ্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বাইরে গেলে মাস্ক পরার ওপর আবারো গুরুত্বারোপ করেন। বলেন, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার অত্যন্ত ফলপ্রসু বলে প্রমাণিত হয়েছে। কাজেই বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। পাশাপাশি, যথাসম্ভব ঘনঘন সাবানপানি দিয়ে হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সেই সাথে সাথে আপনারা নিজেরা গরম পানির ভাপ নিতে পারেন।

প্রধানমন্ত্রী এ সময় করোনা টিকার প্রসঙ্গে বলেন, সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র টিকা দিয়েই গণটিকাকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করায় সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে রাশিয়া এবং চিনের টিকা উৎপাদনকারী সংস্থার সাথে আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা ইতোমধ্যেই এসেছে। টিকা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছেও অনুরোধ জানানো হয়েছে। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাওয়া যাবে। বিভিন্ন উৎস থেকে ১ কোটি টিকা কেনার ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশে টিকা আসতে শুরু করবে। তাছাড়া, দেশেই টিকা উৎপাদন করতে ব্যবস্থা নেয়া হয়েছে। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে।

তিনি বলেন, আমরা দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসবো।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এই ভাইরাস বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলেছে। সংক্রমণ এড়াতে লক-ডাউন বা সাধারণ ছুটি বলবৎ করতে হয়েছে।

তিনি বলেন, আমরা গত বছর একটানা দুই মাসেরও বেশি সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত মাসের ৫ তারিখ থেকে পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করা হয়েছে। এরফলে অগণিত মানুষের রুটি-রুজির উপর আঘাত এসেছে। কিন্তু এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোন উপায় ছিল না। কারণ, প্রতিটি দেশেরই স্বাস্থ্য অবকাঠামোর একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। হঠাৎ করে দ্রুতগতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন, উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না।

শেখ হাসিনা বলেন, আমরা জীবন ও জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।

গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর থেকে চলতি মাস পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৬১৩ কোটি টাকার সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় ২১টি খাতে ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর অনুদান বাবদ ৮ হাজার ২৬০ কোটিরও বেশি টাকা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গত বছর সাময়িক কর্মহীন ৩৬ লাখ ৫০ হাজার মানুষকে আড়াই হাজার টাকা করে মোট ৯১২ কোটি ৫০ লাখ দেয়া হয়েছে। এ বছরও সমসংখ্যক মানুষকে একই হারে ৯১২ কোটি ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় ৬০৭ কোটি টাকা বিতরণ করেছে।
দিনমজুর, পরিবহন শ্রমিক, সাধারণ শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকগণ, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সহায়তা কর্মসূচির আওতায় এসেছেন।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৬৫ হাজার ৬৫৪টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৪৩৪টি গৃহ নির্মাণের কাজ চলছে। এ নিয়ে মোট গৃহের সংখ্যা দাঁড়াবে ১ লাখ ১৯ হাজার ৮৮টি। বিভিন্ন কর্মসূচির আওতায় এ পর্যন্ত আমরা সাড়ে তিন লাখ পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনা ভাইরাস মহামারির সময়েও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বিভিন্ন ভাতা, খাদ্য কর্মসূচি, শিক্ষার্থীদের বৃত্তি-উপবৃত্তি প্রদানসহ সব ধরনের সরকারি সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছে। এসব কর্মসূচির সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি ৭৮ লাখ। এরমধ্যে বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ, খাদ্য নিরাপত্তার আওতায় উপকারভোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ এবং বৃত্তি-উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫৩ লাখ।

শেখ হাসিনা বলেন, জনগণের সহযোগিতায় এবং আমাদের সরকারের সময়োচিত কার্যক্রম গ্রহণের ফলে আমরা গত এক বছর করোনা ভাইরাস মহামারিজনিত আর্থিক অভিঘাত খুব ভালোভাবেই সামাল দিতে পেরেছি।

তিনি বলেন, আমরা যখন প্রথম ঢেউ সামলিয়ে অর্থনীতিকে সাবেক অবস্থার দ্বারপ্রান্তে নিয়ে আসার পর্যায়ে, তখনই মার্চ মাসে দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। এতে করে আমাদের প্রত্যাশিত প্রবৃদ্ধিতে হয়তো খানিকটা ভাটা পড়বে। তবে আমাদের অভ্যন্তরীণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেবে এবারও আমরা আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। গত সপ্তাহে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

তিনি বলেন, চাষী ভাইয়েরা যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেজন্য এবার চালের সংগ্রহ মূল্য কেজি প্রতি ৪০ টাকা এবং ধানের মূল্য ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আজকের দিনে আমরা হিংসা-বিদ্বেষ, ঘৃণা, লোভ, অহমিকা, ক্রোধ, অহঙ্কার ইত্যাদি যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেদের মুক্ত করে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নেবো।

প্রধানমন্ত্রীর ভাষণ/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *