স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি গায়েব

৩০ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনার পর এবার নথি গায়েবের ঘটনা ঘটলো। জানা গেছে, মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি নথি উধাও হয়ে গেছে। ফাইল উধাওয়ের ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (স্বাস্থ্য শিক্ষা বিভাগ) আলী নূর।

এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাদিরা হায়দার বাদী হয়ে নথি গায়েব হওয়ার ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার দুপুরে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, ফাইল হারিয়ে যাওয়া নিয়ে গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি জিডি করেছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় সচিবালয় বন্ধ ছিল। আগামীকাল রোববার থেকে তদন্ত শুরু হবে।

জিডিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই।

যে নথিগুলো হারিয়েছে সেগুলোর বেশিরভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। এছাড়া নার্সিং, মিডওয়াইফারি অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক প্রকল্পের নথিও খোয়া গেছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) মোহাম্মদ আহসান কবীর ও উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ আবদুল কাদের গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *