স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করতে হবে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান লাভের মাধ্যমে সক্ষমতা অর্জন করতে হবে। এমনটাই বলেছেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোথায় জন্ম হয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে সক্ষম ও দক্ষ করে গড়ে তোলা যায়। তাহলেই দেশের মানব সম্পদের উন্নয়ন হবে।

জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনের মাধ্যমেই বর্তমান পৃথিবীতে সম্পদ অজর্ণ করা যায় উল্লেখ করে মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সেই লক্ষ্যে নিজেদের তৈরি করতে হবে।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন যাতে শিক্ষকরা নিয়মিত বেতন পান। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মন্ত্রী শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, কৃষকের সন্তানও সক্ষমতা এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে অবিরাম কাজ করে যাচ্ছেন বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় শিক্ষকদের সুনাম বজায় রেখে ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ও কুমিল্লা -২ আসনের সংসদ সদস্য সেলিনা আহমাদ মেরী । এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *