০৯ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): ফিডব্যাক ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
সংগীত পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাবু নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ফোয়াদ নাসের বাবু ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন। সত্যি বলতে হাসপাতালে আসতে একটু দেরিই করেছেন উনারা। কারণ, আমি জানতে পেরেছি সন্ধ্যা থেকেই বাবু ভাই বুকে ব্যথা অনুভব করছিলেন।
তিনি বলেন, এনজিওগ্রাম থেকে শুরু করে অনেকগুলো পরীক্ষার মধ্যদিয়ে যেতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।
ফোয়াদ নাসের বাবু কতোটা শঙ্কামুক্ত। এমন প্রশ্নের জবাবে এ চিকিৎসক বলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক এটা। উনার হার্টে তো ব্লক আছেই। তবে কি পরিমাণ, সেটাও দেখছি। সেটি দেখার পরেই আমরা রিং পরানোর ব্যবস্থা নেব। এবং সেটা এই রাতেই।
দেশের অন্যতম পুরনো ও সফল ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি এখনও এ দলটিকে টিকিয়ে রেখেছেন তার অসাধারণ সুর, সংগীত ও নেতৃত্বে। এ নন্দিত সংগীত ব্যক্তিত্ব ব্যান্ড পরিচালনার পাশাপাশি স্বাধীন সংগীত পরিচালক হিসেবে টানা ৫ দশক কাজ করে চলেছেন জিজ্ঞেল, নাটক, অডিও ও চলচ্চিত্রে।
ফোয়াদ নাসের বাবু/এসকেএম
















Leave a Reply