১১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা। প্রথমার্ধে পাওয়া গোলটিই শেষ পর্যন্ত জয় পরাজয়ের নির্ধারক হয়।
রবিবার ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমার্ধের ২১ মিনিটে মাঝমাঠ থেকে বল পান অফসাইডে থাকা ডি মারিয়া। ডি বক্সের ভিতর ঢুকে তিনি ব্রাজিলের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।
পুরো খেলাতেই নেইমার ও মেসি ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের কড়া মার্কিংয়ে। এরমধ্যে নেইমার বারবার ফাউলের শিকার হন। খেলার শুরুতেই আর্জেন্টিনার ডিফেন্ডাররা নেইমারের শর্টস ফেলেন।
ফাইনালের আবরণে অনুষ্ঠিত সুপার ক্ল্যাসিকোতে দুই দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তবে সবচেয়ে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। খেলার অন্তিম লগ্নে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি।
আক্রমণ-পাল্টা আক্রমণের ফাইনালে নেইমার ছাড়া ব্রাজিলের অন্য কোন খেলোয়াড়ই যার যার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্রাজিলের তারুণ্য নির্ভর দলের বিপরীতে আর্জেন্টিনা ছিল অনেকাংশে সুসংগঠিত।
খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথেই আর্জেন্টাইন খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন। কোন বড় টুর্নামেন্টে তিন দশক পর শিরোপা জয়ের আনন্দে সতীর্থরা মেসিকে নিয়ে উল্লাস করেন।
অন্যদিকে, শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। পরে তিনি বার্সেলোনার সাবেক সতীর্থ মেসিকে জড়িয়ে ধরে অভিনন্দিত করেন।
উল্লেখ্য, আর্জেন্টিনা শেষবার কোপা আমেরিকার শিরোপা জেতে ১৯৯৩ সালে। এছাড়া, ২০০৭ সালের ফাইনালে পরাজিত হয় ব্রাজিলের কাছে।
এর আগে, ২০১৯ সালে কোপা আমেরিকায় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। সেবার গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনোর গোলে সেমিফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল।
কোপা আমেরিকা/এএমএম/কিউটি
















Leave a Reply