৫ বছর রাজনীতি করতে পারবেন না ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। এ ছাড়া পাঁচ বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে। এর পাশাপাশি আদালত ইমরান খানকে এক লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছেন।

শনিবার তোষাখানা মামলায় একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। খবর: জিও নিউজ।

তোষাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে গত ১০ মে ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছিল।

আজ শুনানিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় দেন।

বিচারক রায়ে বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। নির্বাচনি আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআইপ্রধানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।

এডিএসজে দিলাওয়ার আরও নির্দেশ দিয়েছেন, আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠাতে হবে। পুলিশ আদেশের কপি পাওয়ার পর তাকে গ্রেফতার করা হতে পারে।

এর আগে শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় পাকিস্তানের উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল করে আবার শুনানির জন্য বলেছিল। নিম্ন আদালত ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে অভিযুক্ত করেছিল।

ইমরান খান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *