৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ

৩০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ টিকা দেয়া হবে। বুস্টার ডোজের কার্যক্রম শুরুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণী আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমেরিকা, ইউরোপ, থাইল্যান্ডসহ অনেক দেশই টিকার বুস্টার ডোজ দিয়েছে। আমাদের দেশের ষাটোর্ধ ও কো-মর্বিডিটি যাদের আছে সেসব ব্যক্তিদের বুস্টার ডোজ দিলে করোনায় মৃত্যুহার আরও অনেকটাই কমে আসবে।

‘ওমিক্রন’ মোকাবেলায় সরকারের প্রস্তুতি তুলে ধরে তিনি বলেন, আফ্রিকার ৭টি দেশ থেকে আগত যাত্রীদের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে রাখা হবে। দেশে প্রথম করোনা চলে আসার ঘটনা আমাদের সবারই জানা আছে। ইতালি থেকে আগত যাত্রীদের মাধ্যমে দেশে যেভাবে করোনা চলে এসেছিল, এবার আর সেই ঝুঁকিতে যাওয়া যাবে না।

তিনি বলেন, আফ্রিকা অঞ্চলের আক্রান্ত দেশগুলি থেকে যারাই দেশে আসবে তাদেরকে দেশের সেনা সদস্যদের সহায়তায় বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকতে হবে। আক্রান্ত অন্যান্য দেশের ক্ষেত্রে সেই দেশে কীরকম আক্রান্ত হয়েছে তা দেখে একই রকম ব্যবস্থা নেয়া হবে।

দেশের সব মানুষকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে শীঘ্রই ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ স্লোগাণ বাস্তবায়ন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বর্তমানে দেশের অন্তত ১০ কোটি মানুষকে ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। অন্যান্য মানুষদেরও ভ্যাকসিন দেয়া হবে। কারণ সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। তবে, ভ্যাকসিন গ্রহণে অনেকেরই আগ্রহ কম থাকায় এখন থেকে নতুন একটি স্লোগান তৈরি করা হয়েছে ভ্যাকসিন সনদ ছাড়া কোথাও কোন ধরণের সার্ভিস পাওয়া যাবে না।

দেশের স্বাস্থ্যখাত বিষয়টি যথাযথভাবে পালনের জন্য শীগ্রই জেলা পর্যায় থেকে দেশের সর্বত্র একটি চিঠি প্রেরণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *