নিউজ ডেস্ক: নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে রূপসা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ছয় ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার বেলা ২টা ২৫ মিনিটে নির্ধারিত সময়ে মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পার্বতীপুর রেল জংশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেন ও ইঞ্জিন সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে।
চিলাহাটি রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ১০ মিনিটে পার্বতীপুর রেলস্টেশন থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনের একটি রেল ইঞ্জিন চিলাহাটি রেলস্টেশনের আউটার সিগন্যালে এসে দাঁড়ায়। লাইন ক্লিয়ারেন্সের জন্য এ সময় সেখানে হুইসেল বাজানো হয়। এ অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে ওই ইঞ্জিন ক্লিয়ারেন্স না দিয়েই চিলাহাটি স্টেশন থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয়া হয়। এতে আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের সাথে রূপসা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় রূপসা এক্সপ্রেসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ পেছনে সরে যায়। এদিকে রূপসা এক্সপ্রেসের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনও বগি লাইনচ্যুত হয়নি। সংঘর্ষের ঘটনায় দুই ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিন চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেন ও ইঞ্জিন সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে। বেলা ২টা ২৫ মিনিটে নির্ধারিত সময়ে মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আর প্রায় সাত ঘণ্টা বিলম্বে বেলা সাড়ে তিনটার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটিও খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, দুর্ঘটনার কারণ জানতে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেল দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














