স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): স্বাধীনতা দিবস পুরস্কার-২০২০ প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দেশের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৮ জন। এছাড়া একটি প্রতিষ্ঠানকেও দেয়া হয় এ পুরস্কার।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি পুরস্কার বিজয়ীদের জীবন বৃত্তান্ত পড়ে শোনান।

গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জ্বল হোসের মিয়া, প্রেস সচিব ইহসানুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার হিসেবে ১৮ ক্যারেট সোনার একটি ৫০ গ্রাম ওজনের স্বর্ণ পদক, সনদপত্র এবং ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ এ পুরস্কার প্রদান করা হয়ে থাকলেও এ বছর করোনা পরিস্থিতির কারণে সে সময়ে অনুষ্ঠানটি করা যায়নি।

এ বছর স্বাধীনতা পুরস্কার বিজয়ীরা হচ্ছেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক; অবসরপ্রাপ্ত কমান্ডার আবদুর রউফ (মরণোত্তর), বুদ্ধিজীবী মুহম্মদ আনোয়ার পাশা (মরণোত্তর) ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এছাড়া, শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্।

পিএম/এএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *