২৮ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সাম্প্রদায়িক সংগঠন হেফাজতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রচার মাধ্যমের প্রধান সংগঠন ‘ব্রডকাস্ট জার্নলিস্ট সেন্টার’ (বিজেসি)।
বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ এক বিবৃতিতে বলেন, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা গণমাধ্যম কর্মীদেরকে লক্ষ্য করে হামলা করছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ভাংচুর এবং ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
ঢাকার টিএসসি, বায়তুল মোকাররম, পল্টন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। এর মধ্যে ঢাকায় বিজেসি সদস্য বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক দীপন দেওয়ান, একাত্তর টিভির সাংবাদিক ইশতিয়াক ইমনসহ সম্প্রচার সাংবাদিকদের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এছাড়া গত তিন দিনে ডেইলি স্টার, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ দেশের বিভিন্ন যায়গায় কমপক্ষে ৫০ সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার প্রতি চরম আঘাত বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত এসব হামলা বন্ধ এবং হামলাকরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হচ্ছে।
বিজেসি/রমু













Leave a Reply