১৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ১৯৬৯ সাল কবি শামসুর রাহমান লিখেছিলেন ‘এ লাশ আমরা রাখবো কোথায়’ কবিতাটি। ১৯৭৪ সালে কৃত্রিম সংকটের কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে কবিতাটিতে সুরারোপ করে গান তৈরি করা হয়। এই করোনাকালে ১৩ মাস ধরে যেভাবে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, তাতে বলতেই হচ্ছে, ‘এতো লাশ আমরা রাখবো কোথায়?’ প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিদিনই হচ্ছে মৃতের সংখ্যার রেকর্ড।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ১১২ জন। গতকাল মৃতের সংখ্যা ছিল ১০২ জন। এর আগের টানা দুইদিন মৃতের সংখ্যা ছিল ১০১ জন করে। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের ২৬ জন এবং ষাটোর্ধ্ব বয়সের ৬৪ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭১ জন। গতকালের চেয়ে আজ ৫৭৩ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৯ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৯৪ হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট পরীক্ষার ৩৮ লাখ ৬১ হাজার ৬৯৫টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৩২ হাজার ৫২৪টি বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ১২১ জন। গতকালের চেয়ে আজ ২৪৩ বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply