০৪ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর খেলোয়াড়দের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ দেখা দেয়ায় আপাতত আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এখন পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। এমন অবস্থায় মাঝপথে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এই টুর্নামেন্ট।
ক্রিকবাজের প্রতিবেদন মোতাবেক, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকে তাদের মতামত জিজ্ঞেস করেছে আয়োজকরা। বেশ কয়েকটি দল পুরো আইপিএল বন্ধ করে দেয়ার পক্ষেই নিজেদের মত দিয়েছে। তাই আপাতত স্থগতি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবশেষ সানরাইজার্স হায়দারবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র করোনায় আক্রান্ত হন।
এর আগে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের দুই সতীর্থের কোভিড-১৯ পজিটিভ আসার পর সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের ম্যাচটি স্থগিত করা হয়। তখন থেকেই গুঞ্জন ছিল সিরিজ বন্ধ হয়ে যাওয়ার।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটিও স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার হওয়ার কথা থাকলেও সোমবার থেকে চেন্নাইয়ের স্কোয়াড এক সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে যাওয়ার ম্যাচটি পিছিয়ে যায়।
সুপার কিংসের প্রধান নির্বাহী কে বিশ্বনাথ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, সোমবারের পরীক্ষায় দুজনের পজিটিভ রিপোর্ট আসায় তাদের সংস্পর্শে থাকা পুরো দল আইসোলেশনে যাচ্ছে বলে দলটি লিখিতভাবে জানায় আইপিএল কর্তৃপক্ষকে। চেন্নাইয়ের বোলিং কোচ এল বালাজিসহ দুজন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে মঙ্গলবার সূচি ছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের। করোনা হানা দিলেও শুরুতে ম্যাচটি চলবে জানিয়েছল আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু ঋদ্ধিমান সাহা ও অমিত শাহ’র কোভিড-১৯ পজিটিভ পিপোর্ট আসার পরপরই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
ক্রিকেট/এসকেএম














