তাসকিনের জোড়া আঘাত

২৮ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে ধারাবাহিক থেকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা।

তবে সিরিজের শেষ ম্যাচে প্রথমেই টসে হেরেছেন তামিম। টসে জিতে ব্যাটিং নিলেন লংকান অধিনায়ক কুশল পেরেরা।  আর ব্যাট হাতে নেমেই জানান দিলেন, টসভাগ্য কতটা কাজে এসেছে তাদের।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে নেমে মিরাজ, শরিফুলদের তুলোধোনা করেন দুই লংকান ওপেনার। আগের ম্যাচে ৪ উইকেট নেয়া মিরাজ আজ ৫ ওভারে দিয়েছেন ৩০ রান।

১১ ওভারে ৭৯ রান জমা করে ফেলে শ্রীলংকা। মোস্তাফিজ ছাড়া বাকি বোলারদের অনেকটাই দিশেহারা মনে হচ্ছিল লংকান ব্যাটসম্যানদের কাছে।

অবশেষে ত্রাতা হয়ে আবির্ভূত হলেন পেসার তাসকিন। নিজের দ্বিতীয় ওভারেই চমক দেখালেন। জোড়া আঘাত হানলেন লংকান শিবিরে।

ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ফিরিয়ে দিলেন গুনাথিলাকা ও পাথুম নিশাঙ্কাকে।

সরাসরি বোল্ড করে দেন ৪০ রানে দুর্দান্ত ব্যাট করে যাওয়া গুনাথিলাকাকে। এক বল পরেই নিশাঙ্কাকে উইকেটরক্ষকের গ্লাভসে বন্দি করেন।

তাসকিনের অসাধারণ এক ওভারে উড়ন্ত শ্রীলংকা মাটিতে নেমে আসে।

ক্রিকেট/এসকেএম