বঙ্গবন্ধুকে নিয়ে ৬৪টি প্রামাণ্যচিত্র নির্মাণের আহ্বান

১১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের ৬৪ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন জড়িত স্থান নিয়ে ৬৪টি আলাদা প্রামাণ্যচিত্র নির্মাণ করা প্রয়োজন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, যার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার বর্ণাঢ্য জীবন ও আদর্শ বাঙালিদের জন্য অনুসরণীয়। সেই মহান নেতার সংগ্রামী জীবনের ৬৪ জেলায় স্মৃতির বিষয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যই আলাদা আলাদাভাবে এই ডকুমেন্টারি নির্মাণ করতে হবে।

বুধবার নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শাহাব উদ্দিন এ কথা বলেন। অনুষ্ঠানে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত স্থানগুলি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ ও সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন।

তিনি বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা রেলস্টেশন মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিতে এসেছিলেন। তখন আমি দশম শ্রেণির ছাত্র। তাঁর ভাষণ শুনে অধিকাংশ মানুষের মতো আমিও আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হই।

আরও পড়ুন: প্যারিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা এবং স্বাধীন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিকায়ন, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা ও সম্মানের মশাল প্রজ্বলন করেছিলেন তা এখন তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আলোকিত করছে।

প্রামাণ্যচিত্রে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নের তথ্য ও ফুটেজ ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধুকে দেখেছেন, বঙ্গবন্ধুর সাথে স্মৃতি আছে এমন ব্যক্তিদের সাক্ষাতকারও নেয়া হয়েছে। জেলা তথ্য অফিসের মাধ্যমে ডকুমেন্টারিটি জেলার সাতটি উপজলার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে প্রদর্শন করা হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র/টিটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *