১৪ জুলাই ২০২১ (প্যারিস থেকে এ. কে. মামুন): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগ ‘লা পোস্টের’ সহায়তায় স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়েছে।
লা পোস্টের সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে ফরাসি ডাক বিভাগ লা পোস্টের ডাক টিকেট প্রকাশনা বিভাগ ‘পিলাপোস্ট’ এর পরিচালক গিলিস লিচিটিজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন সারা বিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট প্রকাশনা জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত এই প্রকাশনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পিলাপোস্টের পরিচালক গিলিস লিচিটিজ বলেন, তিনি এ মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে পেরে গর্বিত। এ কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় তারাও বঙ্গবন্ধুর মত একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, তার জীবনাদর্শ সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছেন। এ ডাক টিকেট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এই ডাক টিকেট নিত্য ব্যবহার্য ডাক টিকেট, কেবল স্মারক ডাক টিকেট নয়। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনও দেশে চিঠি/পার্সেল প্রেরণ করা যাবে।
বাংলাদেশি চিত্রশিল্পী শামসুদ্দোহা’র আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি এই স্মারক ডাকটিকেট এ ব্যবহার করা হয়।
রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণ ‘জার্নাল ডি প্রিজন’ এবং জাতিসংঘের সব দাপ্তরিক ভাষা ও বাংলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর সংকলন ‘ দ্য হিস্টরিক সেভেনথ মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ শীর্ষক বই দুইটি লা পোস্টকে উপহার হিসেবে প্রদান করেন।
মুজিব বর্ষ/এসকেএম














