পদ্মা সেতুতে ধাক্কা মানে মানুষের হৃদয়ে আঘাত

১৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কোনও জায়গায় ফেরির ধাক্কা লাগলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে। যদিও এ ধরনের ধাক্কায় সেতুর কোনও ক্ষতির আশঙ্কা নেই। তারপরও বারবার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর সেতু উদ্বোধন হবে। যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। পদ্মা সেতুতে আঘাতের ঘটনা আমাদের সাধারণ মানুষের কাছে অপরাধী করে দেয়া হচ্ছে। এ ঘটনা যেন বারবার না ঘটে, সে বিষয়ে করণীয় নিয়ে সন্ধ্যায় আমাদের উচ্চপর্যায়ে একটি সভা হবে। সভা থেকে পরবর্তী করণীয় জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহউদ্দিন চৌধুরী, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলসহ অন্যরা।

খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম