বিএনপি নেতারা হতাশায় আবোল-তাবোল বলছেন

২৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি নেতারা প্রচন্ড হতাশায় এখন আবোল-তাবোল বলছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, বিএনপি নেতার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ স্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তাহলে তারা কোন চেতনা ধারণ করে, সেটিই এখন প্রশ্ন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪শ’ টাকা বেতনের চাকুরে ছিল। আজকে সেই দলের মহাসচিবের এ ধরনের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে, তিনি এখন হতাশায় নিমজ্জিত হয়ে আবোল-তাবোল বলা শুরু করেছেন।

শুধু তাই নয়, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দুই একজন ছাড়া বেশির ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়। তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমার সত্যিই মনে হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা’র পরিচালনায়  সভায় আওয়ামী লীগ উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীসহ অন্যরা বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *