পরিমার্জিত নতুন শিক্ষা কার্যক্রম ২০২৩ সালে শুরু হবে

১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, ২০২৩ সাল থেকে নতুন করে পরিমার্জিত শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থাকে আনন্দদায়ক করতে সনাতন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপ থাকছে না। এছাড়া পঞ্চম শ্রেণির পিইসি ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা থাকবে না।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে তিনি ‘প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার জন্য খসড়া জাতীয় শিক্ষাক্রম’ রূপরেখা উপস্থাপন করেন।

দীপুমনি বলেন, শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যার নির্ভরতা কমিয়ে অর্জিত শিখনের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মনোদৈহিক বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষাদান করার পরিবেশ সৃষ্টিতে কার্যক্রম তৈরি করা হচ্ছে। বাড়িতে বসে ‘হোম ওয়ার্ক’ এর চাপ নয়, ক্লাসরুমেই যেন প্রাত্যহিক পাঠদান সম্পন্ন হয় সে বিষয়েও নজর দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ সঠিকভাবে গড়ে তুলতে নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকের ১০০, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ১০০টি করে শিক্ষা প্রতিষ্ঠানকে ২০২৩ সালে পাইলটিং এর আওতায় আনা হচ্ছে। মাধ্যমিকের সঙ্গে মাদরাসা ও কারিগরী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখনকালীন মূল্যায়ন ৬০ শতাংশ ও বছর শেষে  সামষ্টিক মূল্যায়ন  ৪০ শতাংশ। অন্যান্য বিষয়ে শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ। নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান বিষয়ের শিখনকালীন মূল্যায়ন হবে ৫০ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে ৫০ শতাংশ। অন্যান্য বিষয়গুলোর শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ।

আরও পড়ুন: দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন

অন্যদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণির আবশ্যিক বিষয়ে শিখনকালীন মূল্যায়ন ৩০ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে ৭০ শতাংশে। প্রায়োগিক ও ঐচ্ছিক বিষয়ে শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ। নৈর্বাচনিক, বিশেষায়িত কাঠামো, প্রকল্পভিত্তিক, ধারণা অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্পভিত্তিক ও ব্যবহারিক এবং অন্যান্য ক্ষেত্রে শিখনকালীন মূল্যায়নের সুযোগ থাকবে।

শিক্ষা কার্যক্রম/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *