দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বরগুনার আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন।

শনিবার বিকেলে বরগুনার আমতলী উপজেলায় আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী সেবা পরিবহন ও কুয়াকাটা থেকে দিনাজপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাসের মধ্যে বরিশাল-কুয়াকাটা সড়কের আমড়াগাছিয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যাওয়া দুটি বাসই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মারা যান সেবা পরিবহনের যাত্রী ৩২ বছর বয়সী আয়শা বেগম ও তার ছেলে ৩ বছর বয়সী আয়ান। আহত হন ৩০ জন। এর মধ্যে গুরুতর আহত ইমরান, খাদিজা, মরিয়ম, চন্দন মল্লিক, রেবেকা সুলতানা, লতিফা, শাহীন ও রাজীবকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত আয়শা বেগমের বাড়ি চট্টগ্রামের কাঠগড় ধুমপাড়া এলাকায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কেএম তানজিরুল ইসলাম জানান, গুরুতর আহত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আয়শার মেয়ে আহত মরিয়ম বলে, মা–বাবা ও তিন ভাইবোন মিলে গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে মহিপুরের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আমার মা ও ভাই মারা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেবা পরিবহনের যাত্রী মা ও ছেলের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ