পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৯ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়ে মাহমুদউল্লাহ বাহিনী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন হাসান আলি। তার করা প্রথম ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার নাঈম শেখ। সাজঘরে ফেরার আগে ৩ বলে ১ রান করেন এ ওপেনার। নাঈমের বিদায়ের পর ৮ বল খেলে মাত্র ১ রানে আউট হয়ে ফিরলেন সাইফও।

এরপর দলীয় পঞ্চম ওভারে ৭ রান করে ফেরেন দীর্ঘদিন পর একাদশে সুযোগ পাওয়া নাজমুল হাসান শান্ত। শান্তর পরে অধিনায়ক মাহমুদউল্লাহও মাত্র ৬ রান করেই পাকিস্তানি পেসার নওয়াজের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন।

এরপর উইকেটে এসে দুর্দান্ত খেলেন অলরাউন্ডার আফিফ হোসেন। তার ব্যাটে স্বপ্ন বুনছিল বাংলাদেশ। দুই বাউন্ডারির পর টানা দুই ছক্কাও হাঁকিয়ে বাঘের গজর্ন দিচ্ছিলেন একাই। কিন্তু বাংলাদেশের সেই স্বপ্ন ধুলিসাৎ করে দেন শাদাব খান। ১৩তম ওভারের পঞ্চম ডেলিভারিটি গুগলি করেন শাদাব। বলের গতি বুঝে উঠেতে পারেননি আফিফ। বেরিয়ে এসে খেলার চেষ্টায় লেগ স্পিনারের গুগলির নাগাল পাননি আফিফ। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দেন মোহাম্মদ রিজওয়ার। দুটি করে ছক্কা ও চারে ৩৬ রান করে সাজঘরে ফেরেন আফিফ।

আফিফের বিদায়ের বলে ব্যাটে-বলে ভালোই মিলছিল নুরুল হাসান সোহানের। দুই ছক্কা হাঁকিয়ে বাঘের গর্জন শোনান এই বাংলাদেশি উইকেটকিপার। তবে বেশি দূর যেতে পারেননি। ১৭তম ওভারের পঞ্চম বলটি ফুলার করেন হাসান আলি। ব্যাটে-বলে হয়নি এবার। উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সোহান। ২২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন সোহান।

শেষ দিকে রানের গতি বাড়ান শেখ মেহেদী। এক বাউন্ডারি ও ২ ছক্কায় মাত্র ২০ বলে ৩০ রান করেন।

তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আমিনুল ইসলাম বিপ্লব। হাসান আলির বলে ২ রানে আউট হয়ে ফেরেন তিনি। শেষ বলে তাসকিন ছক্কা হাঁকালে ১২৭ রানে থামে বাংলাদেশ।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *