খালেদের চারে প্রোটিয়ারা থামল ৩৬৭ রানে

১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপুটে বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

জোড়া আঘাত হেনে শুরুটা করেছিলেন খালেদ। এরপর তাসকিন ও এবাদত মিলে প্রোটিয়া ব্যাটারদের কঠিন পরীক্ষা নেন। সেঞ্চুরির পথে ছুটতে থাকা টেম্বা বাভুমাকে থামিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু তা সত্ত্বেও শেষ ৪ জুটির ১২২ রানে ভর করে বড় সংগ্রহ পেয়ে গেছে প্রোটিয়ারা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে আধিপত্য দেখান বাংলাদেশের বোলাররা। দিনের ষষ্ঠ ওভারেই জোড়া আঘাত হানেন খালেদ। মাটি কামড়ে পড়ে থাকা কাইল ভেরেইনকে বিদায় করেন তিনি। ৮১ বলের মোকাবেলায় ২৮ রান করে লেগ বিফোর হয়ে ফেরেন ভেরেইন। পরের বলে সদ্যই ক্রিজে আসা উইয়ান মুল্ডারকে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন খালেদ। হ্যাটট্রিকের সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেননি তিনি। কারণ হ্যাটট্রিক বলটি অফসাইডের বাইরে থাকায় ছেড়ে দেন কেশভ মহারাজ।

প্রথম দিনের শেষ আর দ্বিতীয় দিনের শুরু; বাংলাদেশের পথের কাঁটা হয়ে ছিলেন টেম্বা বাভুমা। সকালের সেশনের শুরুতে খালেদের জোড়া আঘাতের পরও বাভুমা ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে তাকে তিন অংক ছুঁতে দেননি মিরাজ। এই অফ-স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন বাভুমা।

মিরাজের দারুণ এক ঘূর্ণিজাদুতে বিদায় নেয়ার আগে বাভুমা ১৯০ বলের মোকাবেলায় ৯৩ রান করেন। পরের ওভারের প্রথম বলেই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন এবাদত। ডানহাতি পেসারের বলে সরাসরি বোল্ড হন মহারাজ। বাভুমা ও মহারাজের জুটিতে আসে ৫৩ রান।

১০৫ ওভার শেষে এবং লাঞ্চ বিরতির আগে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩১৪ রান সংগ্রহ করে। লাঞ্চের পর বল হাতে নিয়ে ফের সাফল্যের দেখা পান খালেদ। এবার উইলিয়ামসকে গালিতে থাকা জয়ের ক্যাচ বানান তিনি। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ ১২ রান। আর এটি ইনিংসে খালেদের চতুর্থ উইকেট। ৩৩২ রানে ৯ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডুয়ানে অলিভিয়ের ও সাইমন হার্মারের শেষ উইকেট জুটি দাঁড়িয়ে যায়। অবশেষে অলিভিয়েরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মিরাজ। কিন্তু ততক্ষণে ৩৬৭ রানের সংগ্রহ পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

বল হাতে বাংলাদেশের খালেদ ৪টি, মিরাজ ৩টি এবং ২টি উইকেট নিয়েছেন এবাদত।

এর আগে প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানে বাভুমা এবং ২৭ রানে অপরাজিত ছিলেন ভেরেইন।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ