বিএনপি বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে

১৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না। তারা বাংলার মানুষকে শোষণ করার জন্য রাজনীতি করে।

বুধবার মানিকগঞ্জের আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, বিএনপির কষ্ট হচ্ছে যে- কেন বাংলাদেশ শ্রীলংকা ও পাকিস্তানের মতো হচ্ছেনা? তাদের মনের চিন্তা- বাংলার মানুষ মঙ্গা-পীড়িত থাকবে, অশিক্ষিত থাকবে, চিকিৎসা-সেবা পাবে না, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এগুলো করতে করতে তারা (বিএনপি) বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিতে ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে। বিশ্ববাসী উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীকে সম্মান করে।

ড্রেজার প্রসঙ্গে নৌ-প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। নৌপথ খননের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গত ৪০ বছরে দেশে যে উন্নয়ণ হয়েছে, তার চেয়েও অনেকগুণ বেশি উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে। জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোন উন্নয়ন করেনি, উন্নয়নের বিষয়টি তারা উপলব্দি করেনি।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

প্রতিমন্ত্রী পরে নৌপথে রাজবাড়ীর দৌলতদিয়াঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পরিদর্শন করেন।

খালিদ মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *