ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত

৯ মে ২০২২ (নিউজ ডেস্ক): নাটোরের সিংড়ায় নলডাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকারের সরকারি গাড়িচাপায় সোহেল আহমেদ ওরফে জীবন নামের এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় সরকারি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সাংবাদিক সিংড়া প্রেস ক্লাবের সদস্য, শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড স্টেশনারির স্বত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সরকারি গাড়ি নিয়ে পার্শ্ববর্তী নলডাঙার ইউএনও সুখময় সরকারের স্ত্রী স্থানীয় একটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানষী দত্ত মৌমিতা কলেজে আসছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন সিংড়া থেকে তার কর্মস্থল শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন গুরুত্ব আহত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নলডাঙার ইউএনও সুখময় সরকার, সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম, এসিল্যান্ড আল ইমরান ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে নলডাঙার ইউএনও সুখময় সরকার গাড়িতে তার স্ত্রী ছিলেন না দাবি করে বলেন, নলডাঙায় তেল সংকট থাকায় তার সরকারি গাড়িটি এখানে তেল নিতে পাঠিয়েছিলেন।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *