পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলায় ১২ শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক: নওগাঁর রাণীনগরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়সহ নানা অপরাধে দাখিল পরীক্ষাকেন্দ্র সচিব ও হল সুপারসহ ১২ শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষা চলাকালে সব দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সদরের রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব শরিফ উদ্দীন মাজহারী ও হল সুপার বেলাল হোসেনসহ ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক ১০ শিক্ষককে এ জরিমানা ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যথাযথভাবে দায়িত্ব পালন না করাসহ নানান অভিযোগ ওঠে।

এরপর দুপুরে আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ৫ হাজার টাকা, হল সুপার বেলাল হোসেনকে ৫ হাজার টাকা এবং কক্ষ পরিদর্শক ১০ শিক্ষককে ৩ হাজার টাকা করে ৩০ হাজার টাকাসহ ১২ শিক্ষককে ৪০ হাজার জরিমানা করা হয়। একই সাথে পরীক্ষার সব দায়িত্ব থেকে কেন্দ্র সচিব ও হল সুপার এবং কক্ষ পরিদর্শক ১০ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

এসএসসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *