নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া পর্যটন কেন্দ্র সাজেকের সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসে বুধবার সকাল থেকে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সাজেকগামী ও সাজেক থেকে ফেরা দুই দিকের কয়েক হাজার পর্যটক সড়কে আটকা পড়েছিলেন।
বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনানন্দ রামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়েছে। সেখানে কোনও বসতি না থাকায় ঠিক কখন ধসে পড়েছে- তা জানা যায়নি।
ইউএনও জানান, সকাল থেকেই সেনাবাহিনীর একটি দল রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়। সড়ক ধসের কারণে সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় দুই হাজার এবং সাজেকগামী প্রায় দুই হাজার পর্যটক সড়কে আটকা পড়েছিলেন।
তবে পাহাড় ধসে কোনও হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সাজেক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply