নাটোরে বাস থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্ক: নাটোরে একটি বাস থেকে পলিথিন দিয়ে মোড়ানো বিরল প্রজাতির একটি জীবন্ত কচ্ছপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছিল। ২২ কেজি ওজনের ওই কচ্ছপকে মাছ বলে পলিথিনে মুড়ে ঢাকার সাভারে নিয়ে যাওয়া হচ্ছিল।

জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে অবস্থান নেয়। সেখানে আসা নিউ এসআর নামের ঢাকাগামী একটি বাস তল্লাশি করে তারা। এ সময় বাসের ছাদ থেকে পলিথিনে মোড়ানো বিশালাকৃতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপটি জীবিত রয়েছে।

বাসের সুপারভাইজার পুলিশকে জানান, মাছ হিসেবে একটি প্যাকেট চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার থেকে পারসেল করা হয়েছে। প্রেরকের নাম জুলমত আলী। তার মুঠোফোন নম্বরও দেয়া হয়েছে। প্রাপকের নাম দেয়া হয়েছে তরুণ কুমার। তার ঠিকানা ঢাকার সাভারে উল্লেখ করা হয়েছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে মোড়ক খুলে কচ্ছপটি জব্দ করে। পরে রাজশাহীর বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে ঘটনাটি জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে ওই কার্যালয়ের একজন উপপরিদর্শক নাটোরে এসে কচ্ছপটি নিজের জিম্মায় গ্রহণ করেন এবং রাজশাহীতে নিয়ে যান।

রাজশাহীর বন্য প্রাণী সংরক্ষণ কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ডিবি পুলিশের উদ্ধার করা কচ্ছপটি চিত্রা প্রজাতির। এটি বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। সুন্দরবনে এ কচ্ছপের বংশবিস্তারের জন্য অভয়াশ্রম রয়েছে। জব্দ করা কচ্ছপটিকে পরিচর্যা করে সুস্থ রাখার চেষ্টা করা হবে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাদাত হোসেন জানান, এ ঘটনায় নাটোর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার কচ্ছপটি বন্য প্রাণী সংরক্ষণ আইনে জব্দ করা হয়েছে। কচ্ছপটি রাজশাহীর বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মামলা করলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কচ্ছপ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ