মাটির নিচে মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মাটি কাটার সময় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি ক্ষেতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকালে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার করা হয়। পরে ইটভাটার লোকজন তা নিয়ে যায়।

এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এটি ব্রিটিশ আমলের বা মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে।

মা ব্রিকসের স্বত্বাধিকারী খোরশেদ আলম সুমন বলেন, আমি ঢাকাতে আছি। উদ্ধার হওয়া পাখাটি আমাদের হেফাজতে আছে। অফিস চলাকালীন এটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেব।

চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। থানার ওসিকে হেলিকপ্টারের পাখাটি উদ্ধারের জন্য বলা হবে। দ্রুত সময়ের মধ্যেই এটি উদ্ধার করা হবে।

লক্ষ্মীপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *