লিটন-শান্তর ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং নামা টাইগাররা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ঝড়ো শুরুর পর উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন লিটন দাস ও রনি তালুকদার। পরে অষ্টম ওভারে আদিল রশিদের বলে বিদায় নেন রনি। তিনি ২২ বলে ২৪ রান করেন।

১৩তম ওভারে লিটন দাসের ফিফটির পর বাংলাদেশ শতকের দেখা পায়। ডানহাতি এই ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম হাফসেঞ্চুরি। ৪১ বলে তিনি ফিফটি করেন। দারুণ ব্যাটিং করা লিটন দাস অবশেষে বিদায় নিয়েছেন। ১৭তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানের বলে তুলে মারতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দেন তিনি। ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৩ করেন লিটন।

বিপিএল থেকে অসাধারণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এদিন ৩৬ বলে এক চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সাকিব আল হাসান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এ ম্যাচ জিতলেই ইংলিশদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে দলটি।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে অভিষেক হলো স্পিনার তানভির ইসলামের। এছাড়া ফিরেছেন শামীম হোসেন। তবে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন। ইংল্যান্ড একাদশ অবশ্য অপরিবর্তিত রয়েছে।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *